রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:- আলীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে তাস ও টাকার লেনদেনের মাধ্যমে জুয়া চলছে।
আলীগঞ্জ মেন রোড সংলগ্ন এক বিএনপি নেতার অফিস ভাড়া নিয়ে অবৈধ জুয়ার আসর পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানকালে কয়েকজন ব্যক্তির নাম এলাকাজুড়ে আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন মান্নান, সাঈদ, মিন্টু এবং মঞ্জুর ড্রাইভার।
সূত্রের ভাষ্য অনুযায়ী, মান্নান ও সাঈদকে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। মিন্টু নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে অর্থ সংগ্রহ বা সমন্বয়ের ভূমিকা রাখার অভিযোগ তুলেছেন কয়েকজন বাসিন্দা। এছাড়া মঞ্জুরের এক ড্রাইভারের নামও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা (নাম গোপন রাখার অনুরোধে) বলেন: আলিগঞ্জ এলাকার এক বিএনপি’র নেতা এই কার্যক্রমের সঙ্গে জড়িত। “রাত বাড়ার সঙ্গে সঙ্গে টাকার অঙ্কও বাড়ে। অনেক সময় লাখ টাকার খেলাও হয়।”
এলাকাবাসীর ভাষ্য, “আমাদের সন্তানরা খারাপ পথে চলে যাচ্ছে। রাতভর হৈচৈ, অশালীন পরিবেশ—এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।” অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় এই জুয়ার আসর পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে ফতলা মডেল থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।