মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ব্যাংক কলোনি, পিলকুনী, পাঁচতলা ও আশেপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাশোহারা আদায়ের একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাইফুল নামের এক ব্যক্তি এই অবৈধ বাণিজ্যের মূল সমন্বয়কারী হিসেবে এলাকায় প্রভাব খাটিয়ে গ্যাস সংযোগ দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন।
অনুসন্ধানে জানা যায়, এসব এলাকায় নতুন বাড়ি বা ভাড়া বাসায় গ্যাস সংযোগ নিতে চাইলে গ্রাহকদের বৈধ প্রক্রিয়ার বাইরে গিয়ে সাইফুলের মাধ্যমেই সংযোগ নিতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ সংযোগের জন্য শুরুতেই কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এরপর প্রতি মাসে নির্দিষ্ট হারে মাসোহারা আদায় করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ব্যাংক কলোনি ও পিলকুনী এলাকায় অনেক বাসাবাড়িতে অবৈধ পাইপলাইন টেনে গ্যাস সরবরাহ করা হয়েছে। অনেক ক্ষেত্রে গভীর রাতে বা ছুটির দিনে গোপনে পাইপলাইন বসানো হয়, যাতে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ সংযোগের পেছনে তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর নীরব সহযোগিতা রয়েছে। তাদের সহায়তা ছাড়া এত বড় নেটওয়ার্ক পরিচালনা করা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা।
একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় নতুন বাড়ি করলে গ্যাস পেতে হলে সাইফুলের লোকজনের সঙ্গে কথা বলতে হয়। টাকা দিলে দ্রুত সংযোগ হয়ে যায়। পরে প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়।”
অনুসন্ধানে আরও জানা যায়, পাঁচতলা এলাকা ও আশেপাশের কিছু ভবনে একাধিক লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, ফতুল্লা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের এই চক্র ভেঙে দিতে দ্রুত তদন্ত এবং নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। একই সঙ্গে জড়িত ব্যক্তি ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ গ্যাস সংযোগ ও মাশোহারা বাণিজ্যের বিষয়ে দ্রুত তদন্ত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।