বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
(ফলোআপ)
📍নিজস্ব প্রতিবেদক | ফতুল্লা, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে সাইফুল নামে এক ব্যক্তি—এমন অভিযোগে সরব স্থানীয়রা। অভিযোগ উঠেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে সে।
স্থানীয়দের দাবি, ব্যাংক কলোনি, পিলকুনি, পাঁচতলা ও আশপাশ এলাকায় সাইফুলের নিয়ন্ত্রণে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি সংযোগের বিপরীতে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা এবং মাসিক মাশোহারা। ফলে বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে পড়লেও অবৈধ ব্যবহারকারীরা নির্বিঘ্নে গ্যাস পাচ্ছেন।
একাধিক ভুক্তভোগী জানান, “আমরা নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু চুলায় গ্যাস থাকে না। অথচ যারা অবৈধ সংযোগ নিয়েছে, তাদের কোনো সমস্যা নেই। প্রতিবাদ করলেই সাইফুলের লোকজন হুমকি দেয়।”
আরও উদ্বেগজনক বিষয় হলো—সংবাদ প্রকাশ নিয়েও প্রকাশ্যে হুমকি দিচ্ছে অভিযুক্ত সাইফুল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সে বলছে—“নিউজ করে কিছুই হবে না।” এমন বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং এর পেছনে প্রভাবশালী মহলের ছায়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখনো চোখে পড়েনি।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।