শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ | ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় প্রাণ হারালেন নিরীহ গাড়িচালক ইউসুফ। স্থানীয়ভাবে কৃষক দল নেতা হিসেবে পরিচিত জুয়েল আরমান এবং দেলোয়ার হোসেন ওরফে দেলুকে ঘিরে চলমান বিরোধের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে শিয়াচর টক্কর মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে হামলাকারীদের রোষানলে পড়েন পাশের বাড়ির ভাড়াটিয়া গাড়িচালক ইউসুফ। মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের দাবি, শিয়াচর টক্কর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন ওরফে দেলু এবং জুয়েল আরমানকে ঘিরে বিরোধ চলে আসছিল। দেলুর বিরুদ্ধে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অন্যদিকে জুয়েল আরমানের বিরুদ্ধেও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কথা স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে জুয়েল আরমান ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর রাতেই শিয়াচর টক্কর মাঠ এলাকায় দেলুর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। দিনের দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় গাড়িচালক ইউসুফ আট মাস আগে বিয়ে করেন। তাঁর স্ত্রী নাহিদা ইয়াসমিন বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টস-সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
একটি মোবাইল ফোনে হামলার দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণ হারাতে হলো তাঁকে। তাঁর মৃত্যুতে অনাগত সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী নাহিদা ইয়াসমিন। মাত্র আট মাসের সংসারে স্বামীকে হারিয়ে শোকাহত পরিবার।
নিরীহ মানুষের প্রাণহানির দায় কার?
স্থানীয়দের প্রশ্ন, ব্যক্তিগত বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা চাঁদাবাজি ও ভূমি দখলকে কেন্দ্র করে সংঘাতের বলি আর কত সাধারণ মানুষকে হতে হবে? দুই পক্ষের বিরোধের মধ্যে একজন নিরীহ গাড়িচালকের প্রাণহানির ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দুই পক্ষের বিরোধের পেছনের বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।