সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আকবরনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শওকত চেয়ারম্যানের বাহিনীর বিরুদ্ধে।
সোমবার (২৯ আগস্ট) সকালে বক্তাবলী ইউনিয়নের আকবর এলাকায় ইউপি চেয়ারম্যান শওকত আলী সমর্থিত জাকির বাহিনী এ হামলা চালায়।
এসময় হামলায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে
বলেন, কিছুদিন আগে বাকি টাকা চাওয়া নিয়ে আমার আত্মীর-স্বজনদের বাড়িতে সামেদ আলী বাহিনীর লোকজন হামলা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ সেই বিরোধের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফতুল্লা থানা ওসির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সামেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আগের ঘটনার রেশ ধরে সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উভয় গ্রুপকে ধাওয়া দিলে তারা পিছু হটে। তবে এসময় একটি পক্ষ পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে ২০ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।