রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটার পাশে থাকা খুপড়ি ঘরে আগুন লেগে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
(১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এ বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ সময় প্রায় ৮০-৯০টি খুপড়ি ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মৃত ২৭ বছর বয়সী রোকেয়া নবীন এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী। রোকেয়া সিলেটের দিরাই উপজেলার বাসিন্দা।
শ্রমিকরা জানান, হঠাৎ খুপড়ি ঘরে আগুন ধরে। এ সময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ইটখোলার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর খুপড়ি ঘর থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ইটভাটার পাশের বস্তিতে খুপড়ি ঘরে অনেক শ্রমিক বাস করেন। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৮০-৯০টির মতো ঘর পুড়ে গেছে। আগুনে এক নারী শ্রমিকও মারা গেছেন। তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।