রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ও ইট-পাটকেল ছোড়েছে মাদক ব্যবসায়রা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলা ও তাদের ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হন।
পরে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করে পুলিশ।
আটক দুজন হলেন ইসদাইর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জসিম (২৪) ও আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
জসিমের কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তল জব্দ করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “মাদক ব্যবসায়ীদের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং গোলাগুলি করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখেই মাদক ব্যবসায়ীরা পিস্তল থেকে গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে।”
তিনি বলেন, “পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।”
পুলিশ জানায়, গুলিতে জসিমের পায়ে আঘাত লাগে। তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা বলেন, “বেলা পৌনে চারটার দিকে জসিমকে হাসপাতালে আনা হয়। তার পায়ে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাত দুটি গুলির বলে জানানো হয়েছে। গুলি ভেতরে আছে কি না জানতে তাকে এক্স-রে করতে পাঠানো হয়েছে।”
এদিকে মাদক ব্যবসায়ীদের ছোড়া ইট-পাটকেল এবং তাদের আটক করতে গিয়ে দৌড়াদৌড়ির সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশেদুল আহত হন। পরে তাদেরও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।