বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ফতুল্লা প্রতিনিধি:-নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ রেললাইন সংলগ্ন সিগন্যালের সামনে ভাঙারি ব্যবসার আড়ালে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে শান্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, মোক্তার হোসেনের ছেলে শান্ত দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার লোকজনের মাধ্যমে মাদক বিক্রির অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীগঞ্জ রেললাইন সংলগ্ন সিগন্যালের আশপাশের এলাকা বর্তমানে মাদক কেনাবেচার অন্যতম স্পটে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙারি ব্যবসার আড়ালে শান্ত ও তার সহযোগীরা মাদকের কারবার পরিচালনা করছেন—এমন দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, শান্তর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়েই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ তাদের। ফলে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ থাকলেও ভয়ে অনেকে মুখ খুলতে চান না।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “রেললাইনের আশপাশে দিনের পর দিন মাদকের কারবার চলছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, বিশেষ করে তরুণরা মাদকের দিকে ঝুঁকছে। প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান এখন জরুরি।”
স্থানীয়দের দাবি, আলীগঞ্জ রেললাইন এলাকায় মাদকের বিস্তার বন্ধ করতে নিয়মিত পুলিশি অভিযান, মাদক বিক্রেতাদের শনাক্তকরণ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-মাদক ব্যবসাদার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, মাদক ব্যবসায়ী যে কেউ হোক না কেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না, আলীগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আলীগঞ্জ রেললাইন সংলগ্ন এলাকাটি আরও বড় মাদক স্পটে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।