মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাহজাহান রোলিং মিল সংলগ্ন খাঁ বাড়ি এলাকায় মাদকের রমরমা ব্যবসা জমিয়েছিল একটি চক্র, যা নিয়ন্ত্রণ করতো মা হেনা এবং তার দুই ছেলে জাহিদ ও ডিব্বা রনি।
তথ্য মতে, দীর্ঘদিন ধরে খাঁ বাড়ি এলাকায় মা ছেলে মাদক ব্যবসা পরিচালনা করছে । মা ছেলেকে পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদেরকে। তারা খাঁ বাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। এই মা ছেলের মাদক ব্যবসার রয়েছে প্রায় ১৫ থেকে ২০ জন সেলসম্যান। হেনা ও তার দুই ছেলে সেলসম্যান দিয়ে চন্দ্রবাড়ি, শারজাহান রোলিং মিলস, বট তলা, উকিল বাড়ি, খোঁজ পাড়া, ইয়াদ আলী মসজিদ রোড, লাল খাঁ, পাকিস্তান খাদ, হাজী বাড়ির মোর, পুরানো ক্যালিক স্কুলের সামনে প্রকাশ্যে পরিচালনা করছে মাদক ব্যবসা।
নাম না প্রকাশ করার শর্তে এক স্থানীয় জানান, মাদক সম্রাজ্ঞী হেনা ও তার দুই ছেলেকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করলেও তাদেরকে থামানো যাচ্ছে না তাদের মাদকব্যবসা। হেনা নিজেও একজন মাদক সেবী। বর্তমানে বুক ফুলিয়ে প্রকাশ্যেই বিক্রি করছে মাদক।
এদিকে হেনার বড় ছেলে জাহিদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হলেও জেল থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় শুরু করেছে মাদকের হাট।
অপরদিকে হেনার ছোট ছেলে ডিব্বা রনির রয়েছে বিশাল কিশোর গ্যাং সিন্ডিকেট। ডিব্বা রনি কিশোর গ্যাং লিডার হাওয়ায় এলাকায় অনেকেই তাদের মাদকব্যবসা বিরুদ্ধে কোনো কথা বলে না। কেউ প্রতিবাদ করতে গেলেই তাদেরকে পোহাতে হয় কিশোর গ্যাংয়ের হাতে লাঞ্ছনা। কিছুদিন আগে কিশোর গ্যাং লিডার ডিব্বা রনি আক্তার নামের এক ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা হলেও জেল থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় আবার নিয়ন্ত্রণ করতে শুরু করে কিশোর গ্যাং ও মাদক ব্যবসা।
মা ছেলের হাত থেকে শাজাহান রোলিং মিল খাঁ বাড়ি এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।