সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন।
বুধবার (২৯ জুন) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে গত ১৫ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য নির্মল রঞ্জন গুহকে সিঙ্গাপুর নেয়া হয়।
এদিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে পৃথক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু ছাত্রলীগের হাত ধরে। ছাত্রাবস্থায় তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যুক্তি হন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।






