সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাসান বশির শিহাব (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ শিহাব সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা মো. সুমন মিয়ার ছেলে। সে মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা-এর একজন ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল আসরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় শিহাব। কিন্তু নামাজের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিহাবের পরিবার ও স্বজনরা তার নিরাপদে ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারটি তাদের সন্তানকে ফিরে পেতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।