শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় রাতের আঁধারে ট্রাক থেকে মালামাল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে, যার নেতৃত্বে রয়েছে ‘চোর আয়নাল’ নামে পরিচিত এক ব্যক্তি।
সূত্র জানায়, গভীর রাতে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফতুল্লার দপা এলাকায় পৌঁছালে সুযোগ বুঝে ট্রাক থেকে মালামাল চুরি করে নিয়ে যায় এই চক্রটি। বিশেষ করে খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী ও অন্যান্য মূল্যবান মালামালই তাদের মূল টার্গেট।
অভিযোগ রয়েছে, এই চক্রের কার্যক্রমের পেছনে স্থানীয় এক মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের মদদ রয়েছে। তিনি নেপথ্যে থেকে চোরাই মালামাল কেনাবেচা ও সংরক্ষণের কাজ পরিচালনা করেন বলে দাবি এলাকাবাসীর।
একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রায় প্রতিরাতে এই চুরি হয়। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না। কারণ, চক্রটির প্রভাবশালী ব্যাকআপ রয়েছে।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এক কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।