সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন (২৮) নামে এক ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) সকালে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা পৌর টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
এ ঘটনায় হাতেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন টার্মিনালের চালক-শ্রমিকরা।
আটক হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।
জানা গেছে, সুমন ও হাতেম ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকার নুরি মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সুমন ট্রাক চালক এবং হাতেম একই টার্মিনালে অপর একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতেম নিয়মিত ঘরে বসে মাদক সেবন করতেন। বিষয়টি নিয়ে সুমন প্রতিবাদ করেন এবং বাড়ির মালিককেও অবগত করেন। এতে হাতেম সুমনের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
শনিবার সকাল ১০টার দিকে সুমন হেঁটে পৌর টার্মিনালে কর্মস্থলে যাচ্ছিলেন। টার্মিনালের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাতেম পেছন থেকে কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউ শয্যা না থাকায় পরে রামপুরার ডেল্টা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
একই টার্মিনালের শ্রমিক মো. শুক্কুর মিয়া জানান, সকালে ফোন পেয়ে তিনি হাসপাতালে যান। পরে আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ডেল্টা ক্লিনিকে নেওয়া হয়। তিনি বলেন, “মাদক সেবনের প্রতিবাদ করায় হাতেম ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে সুমনের মাথায় আঘাত করে।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, “রাতে বিষয়টি জানতে পেরেছি। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি এবং লিখিত অভিযোগও দেওয়া হয়।