রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় রবিবার (৩১ মে) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা সুলতান মাহমুদ। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ বাইজিদ হাসান, সহ-সভাপতি মামুন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিন্টু, মুকুল, রাজিব, মোহাম্মদ সেন্টু, ইব্রাহিম, মুক্তার, শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহুল আমিন দীপু।